Top News

কুলাউড়ায় ৫০০ টাকা দৈনিক মজুরির দাবিতে চা-শ্রমিকদের ১ ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুলাউড়ার কালিটি চা-বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ। ছবি: জিএম টেলিভিশন 


নিউজ ডেস্ক : 

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচন আয়োজনের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে ১ ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে চা-শ্রমিকরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন। পরে তারা বাগানের অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে চা-শ্রমিকদের মজুরি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবছর মাত্র ৫ শতাংশ বা অল্প পরিমাণ মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে প্রহসনের শামিল। বর্তমান দৈনিক ১৮৭ টাকা মজুরিতে একটি পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অসম্ভব। তাই সম্মানজনক জীবনযাপনের জন্য দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রায় ২০০ বছর ধরে চা-বাগানে বসবাস করলেও অধিকাংশ চা-শ্রমিক এখনো ভূমির মালিকানা থেকে বঞ্চিত। ভূমির মালিকানা না থাকায় তারা বিভিন্ন নাগরিক অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এ কারণে চা-শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত করার দাবি জানান তারা।

চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং অত্যন্ত কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, দৈনিক ৫০০ টাকা মজুরি এবং ১০ দফা দাবি আদায়ে চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে চা-শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালিটি চা-বাগানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Post a Comment

Previous Post Next Post